ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমিহীন কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৯৯-২০০০ অর্থবছরে ৯৯ বছরের জন্য ১৭২ জন ভূমিহীন কৃষকের মধ্যে ১ একর করে খাস জমি বন্দোবস্ত দিয়েছিল সরকার। কিন্তু ২৬ বছর পেরিয়ে গেলেও এসব পরিবারের সদস্যরা নিজেদের বন্দোবস্ত পাওয়া জমিতে ফসল ফলাতে পারছে না। প্রভাবশালী ব্যক্তিদের দখল ও বিলের ইজারাদারের বাঁধার কারণে। জমির মালিকানা কাগজে থাকলেও বাস্তবে ভোগদখল করতে পারছেন না তাঁরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও মিলছে না প্রতিকার। এতে অনেক ভূমিহীন পরিবার মানবেতর জীবনযাপন করছে। উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল ও আশপাশের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, বন্দোবস্ত পাওয়া জমির পাশের জমির মালিকদের কেউ কেউ সীমানা অতিক্রম করে এসব জমি নিজেদের দখলে নিয়ে চাষাবাদ করছেন। আবার বিলের কিছু জমি বিলের ইজারাদারদের দখলেও রয়েছে। ফলে সরকারি বন্দোবস্ত পাওয়া কৃষকরা নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহবিলে, সাতদোনা, কাজিরচর, রুপসদী (দ:) মৌজায় ১৭২ জন ভূমিহিন কৃষককে ১৯৯৯-২০০০ অর্থবছরে ০১ একর করে ৯৯ বছরের জন্য স্থায়ী বন্দবস্তো দেওয়া হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা জমি বুঝে নেওয়ার চেষ্টা করছেন। কয়েক দফায় স্থানীয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কার্যকর কোনো সমাধান পাননি। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে ইতোমধ্যে মারা গেছেন। তাঁদের সন্তানরাও পৈতৃকভাবে পাওয়া ওই জমিতে চাষাবাদ করতে পারছেন না। একদিকে জমি আছে, অন্যদিকে তা ভোগদখলের অধিকার নেই এমন বাস্তবতায় দিন কাটছে পরিবারগুলোর।
বিলের ইজারাদার ও তার লোকজন নানা ভাবে বাঁধা প্রদান ও জমিতে কচুরীপানা আটকে রেখে ফসল ফলাতে বাঁধা প্রদান করায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন এবং ২০১৭ সালের ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ভূমিহিন মামুন মিয়া ইজারাদার ফরদাবাদ রূপসদী দ্বিবর সমবায় সমিতির সভাপতি গোপাল দাস ও সাধারণ সম্পাদক নরেষ দাস সহ ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ৩০ জানুয়ারী-২০১৯ বিজ্ঞ বিচারক মো. জাকী আল ফারাবী আসামি নরেষ দাস সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকার অর্থদন্ডে দন্ডিত করেন। বিলের ইজারাদাররা বর্তমানে মাছ চাষ করতে ভূমিহিনদের জমি দখল করে রেখেছে এবং ভূমিহিনদের তাদের জমিতে ফসল উৎপন্ন করতে নানাভাবে বাঁধা প্রদান করছেন বলে অভিযোগ করেছেন ভুমিহীনরা। ভূমিহীনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে জেলা প্রশাসক বিলের জমিগুলো বিলে ইজারাকৃত জমি থেকে বন্দোবস্ত দেওয়া জমি আলাদা করে চিহ্নিত করে দেন। তবে এরপরও জমিগুলোর বাস্তব দখল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাঁদের দাবি, বন্দোবস্ত পাওয়া জমির বড় একটি অংশ প্রভাবশালীদের দখলে রয়েছে। কিছু জমি বিলের ইজারাদাররাও দখলে রেখেছেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সরকার ভূমিহীনদের পুনর্বাসনের জন্য জমি দিলেও দীর্ঘ ২৬ বছরেও তাঁরা এর সুফল পাননি। দ্রুত জমির সীমানা নির্ধারণ, অবৈধ দখলমুক্ত করা এবং প্রকৃত বন্দোবস্তগ্রহীতা বা তাঁদের উত্তরাধিকারীদের কাছে জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
দরিকান্দি গ্রামের ভূমিহীন আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবা জীবন দশায় বন্দোবস্ত পেয়ে একাধিকবার জমি চাষ করতে সেখানে গিয়েছে, কিন্তু বাঁধার কারণে পারেনি।
আমরা গরিব মানুষ এ কারণে আমার বাবা এটা দেখে যেতে পারেনি। আমার পরিবারে কয়েকজনের নামে বন্দোবস্ত থাকলে কেউই সেখানে ফসল ফলাতে পারছে না, আমার বাবা ও চাচাতো ভাইয়েরা জেলা প্রসাশক মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি।
বিলের ইজারাদার ফরদাবাদ-রুপসদী দ্বীবর সমিতির সদস্য বাদল দাস জানান, ভুমিহীনরা আমাদের সমিতির সদস্যের নামে কয়েকবার মামলা করেছে। তাদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ ছিল তার আদালতে মামলা করে আমাদের বিলের জায়গা থেকে সেই পরিমাণ জমি কর্তন করে নিয়েছে। তাদের জমিতে আমরা এখনও যে বাঁধ দিয়ে মাছ চাষ করছি এদের জমির মধ্যেও বাদ দিচ্ছে এটা সত্য, এখন তারা আসে না এ কারণে তাদের সাথে কোন সমস্যা হয় না।
ফরদাবাদ গ্রামের শাহীন মিয়া জানান, আমাদের বাড়িয়াদহ বিলের পাশে ভূমিহীনদের নামে জমি বন্দোবস্ত দিয়েছে সরকার, কিন্তু জমির মালিকরা জোর করে এদের জায়গা দখল করে চাষ করে আছে। এরা অনেকবার এসেছে জমিতে চাষ করতে এদের বাঁধা দেয়, বিলের জেলেরা ও তাদের জায়গা দখল করে মাছ চাষ করে এ কারণে তারা ফসল করতে পারছে না।
দরিকান্দির ভূমিহীন রজব আলী জানান, আমরা প্রায় ২৬ বছর হলো বন্দোবস্ত পেয়েছি বহুবার গিয়েছে জমিতে ধানও লাগিয়েছে কিন্তু আমরা ধান আনতে পারিনি এখন আমরা জমিতে যেতে পারি না। জমির মালিকও বিলে লোকজন আমাদের বাধা দেয় আমরা আদালতে মামলা করেছিলাম জেলেদের বিরুদ্ধে যারা আমাদের জমি বিল থেকে আলাদা করে দিয়েছে সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও আমরা জমিতে যেতে পারি না আমাদেরকে সহযোগিতা করে না।
রুপসদী গ্রামের শিপন মিয়া জানান, ভূমিহীনরা বন্দোবস্ত পেলেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বাধা এবং বিলের ইজারাদারদের কারণে এখানে ফসল ফলাতে পারছে না। উল্টো ভূমিহীনদের জমি থেকে বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিরা বালি উত্তোলন করে বিক্রি করে করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান জানান, ভূমিহীন পরিবারগুলো যদি তাদের জমিতে ফসল ফলাতে না পারে, বাঁধার সম্মুখীন হয়, তাহলে আমার কাছে একটি লিখিত অভিযোগ দিক। আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠাবো স্যারের সিদ্ধান্ত মোতাবেক আমি এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিব।
আপনার মতামত লিখুন : :