• ঢাকা
  • শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতাকে মারধর


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ৮, ২০২৬, ০৫:১৯ পিএম বাঞ্ছারামপুরে মাদকবিরোধী পোস্ট দেওয়ায় ছাত্রদল নেতাকে মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী ফেসবুক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রদল নেতা টেঁটাবিদ্ধ, তাঁর বাবা ও বড় ভাই আহত হয়েছেন। এ সময় তাঁর বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। গত বুধবার রাত ৯টার দিকে দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা রহমতউল্লাহ, তাঁর বাবা মতিউর রহমান, বড় ভাই রুহুল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। এ ঘটনায় আলমগীর, ফরহাদ ও জাহাঙ্গীর নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত ছাত্রদল নেতা রহমতউল্লাহর বোনের জামাই হবিউর রহমান ১২ জনের নামে একটি মামলা করেছেন।
জানা গেছে, বাখরনগর গ্রামে গত বুধবার দুপুর ১২টার দিকে দরিয়াদৌলত ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রহমতউল্লাহ নিজের ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকেই উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ রয়েছে, সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রহমতউল্লাহর ওপর হামলা চালায় একই এলাকার ফরহাদ, আলমগীর, কাদিরসহ কয়েকজন। প্রাণ বাঁচাতে দৌড়ে কোনোরকমে বাড়িতে আশ্রয় নেন তিনি। কিন্তু সেখানেই শেষ হয়নি হামলা। রাত ৯টার দিকে দুলাল মিয়ার নেতৃত্বে একদল লোক রহমতউল্লাহর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে রহমতউল্লাহ, তাঁর বাবা ও বড় ভাইকে পিটিয়ে আহত করে। বাড়িতে ভাঙচুর চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত দুলাল মিয়ার ভাষ্য, রহমতউল্লাহর ফেসবুক পোস্টে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে ফরহাদকে মেনশন করা হয়। এই কারণে সন্ধ্যায় ফরহাদের সঙ্গে রহমতউল্লাহর কথাকাটাকাটি হয়। পরে রহমতউল্লাহর বাড়িতে হামলার ঘটনা ঘটে। 
তিনি বলেন, ‘আমি সেখানে গিয়ে রহমতউল্লাহর বাবাকে বলেছি যা হয়েছে, সালিশ করে মীমাংসা করে দেই, কিন্তু তাঁর বাবা আমার কথা রাখেননি। আমার নেতৃত্বে হামলা হয়েছে এটা সঠিক না। হামলার সময় আমি রাস্তায় ছিলাম।’
বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন জানান, ফেসবুকে দেওয়া একটি মাদক-সংক্রান্ত পোস্টকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। মামলা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।

Side banner 1 Side banner 2