শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ জনপদ তিতাসবিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা। প্রমত্তা মেঘনার কোলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কৃষি ও প্রবাসী অধ্যুষিত এ জনপদ জন্ম দিয়েছে অসংখ্য কৃতী সন্তানের, যাঁদের পদচারণা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। দেশপ্রেম, মানবপ্রেম ও সমাজকল্যাণে তাঁদের অবদান বাঞ্ছারামপুরকে করেছে গৌরবান্বিত। প্রবীণদের পাশাপাশি তরুণ প্রজন্মের অনেকেই এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদেরই একজন আইয়ুবপুর গ্রামের কৃতী সন্তান সাইদুর রহমান সাঈদ। মেধা, মনন, প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি এলাকার শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।
শিক্ষাজীবনে মেধা ও সাফল্যের স্বাক্ষর
সাইদুর রহমান সাঈদ ১৯৮৮ সালের ১০ সেপ্টেম্বর বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল লতিফ এবং মাতা আয়েশা বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে অধ্যয়নকালে বৃত্তি লাভ করেন। ২০০৩ সালে এ বিদ্যালয় থেকেই এসএসসি এবং ২০০৫ সালে বাংলাদেশ নেভি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ২০১১ সালে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে আদর্শ, ত্যাগ ও সংগ্রামের পথচলা
শিক্ষাজীবনের পাশাপাশি ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সাইদুর রহমান সাঈদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের একজন কর্মী হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। সময়ের পরিক্রমায় নানা প্রতিকূলতা, ঘাত-প্রতিঘাত, হামলা ও মামলার মুখোমুখি হয়েও তিনি দলীয় আদর্শে অবিচল থেকেছেন।
বিশেষ করে ১/১১-এর পর রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল। একইভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাঞ্ছারামপুর উপজেলা পর্যায়েও দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর রাজনৈতিক জীবনের পথ সব সময় মসৃণ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন প্রতিকূলতা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে বলে জানা যায়। তাঁর বিরুদ্ধে দুটি গায়েবি মামলা দায়েরের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাঁকে বিরত রাখতে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান। কিন্তু এসব প্রতিকূলতা তাঁকে তাঁর রাজনৈতিক অবস্থান থেকে সরাতে পারেনি।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয়, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সময়, শ্রম ও অর্থ ব্যয়ের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও তাঁকে ঝুঁকির মধ্যে থাকতে হয়েছে।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক ভূমিকা
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির রাজনীতিতে সাইদুর রহমান সাঈদ একজন দীর্ঘদিনের সক্রিয় ও পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। মাত্র ১৩ বছর বয়সে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আইয়ুবপুর ইউনিয়নে বিএনপির সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় অংশ নেন। নির্বাচনের দিনও আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অবস্থান করেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও আইয়ুবপুর ইউনিয়নে বিএনপির প্রচার-প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। তৎকালীন সংসদ সদস্য প্রার্থী আব্দুল খালেকের পক্ষে কাজ করতে গিয়ে তাঁকে ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় ও সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সময় রাজধানী ঢাকায় বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনের দিন নিজ এলাকার আইয়ুবপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন। তাঁর দাবি অনুযায়ী, ধানের শীষের প্রার্থী আব্দুল খালেকের নিজ কেন্দ্রের পর আইয়ুবপুর কেন্দ্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া যায়। নির্বাচনের আগে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় দলীয় প্রচার-প্রচারণায়ও তিনি সক্রিয় ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক দায়িত্বকে গুরুত্ব দিয়ে এসেছেন সাইদুর রহমান সাঈদ। তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিকূল পরিস্থিতিতেও সক্রিয় থাকা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা।
শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় মানবিক উদ্যোগ
রাজনীতির বাইরেও সাইদুর রহমান সাঈদের রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততা। এলাকার শিক্ষার প্রসার, নতুন প্রজন্মের জ্ঞানচর্চা এবং সাংস্কৃতিক বিকাশে তিনি কাজ করে যাচ্ছেন।
তিনি আইয়ুবপুর কবি নজরুল পাঠাগারের প্রতিষ্ঠাতাদের একজন এবং একসময় পাঠাগারটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিশু-কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা, জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি এবং নতুন প্রজন্মের মধ্যে মননশীলতা বিকাশে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছেন।
শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করে বিভিন্ন ক্রীড়া কর্মকাণ্ডেও পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি। একই সঙ্গে নিজের সামর্থ্য অনুযায়ী মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এসব উদ্যোগে ফুটে ওঠে সমাজের প্রতি দায়িত্ববোধ এবং মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা।
সংগঠক হিসেবে পরিচিতি ও ভবিষ্যৎ স্বপ্ন
একজন দক্ষ সংগঠক হিসেবেও সাইদুর রহমান সাঈদের পরিচিতি রয়েছে। তিনি ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও ছিলেন। এসব সংগঠনের মাধ্যমে তিনি বাঞ্ছারামপুরের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি এবং সহযোগিতার ক্ষেত্র তৈরিতে ভূমিকা রেখেছেন।
তাঁর প্রত্যাশা, আগামী দিনে বাঞ্ছারামপুর উপজেলার শিক্ষা, অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে আরও বেশি অবদান রাখতে পারবেন। বিশেষ করে নিজের জন্মস্থান আইয়ুবপুর ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি।
সাইদুর রহমান সাঈদের পথচলা মূলত একজন তরুণের ব্যক্তিগত প্রতিষ্ঠা অর্জনের গল্পের পাশাপাশি নিজ এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয়ের গল্প। শিক্ষা, রাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড ও সমাজসেবাকে সমন্বয় করে তিনি ভবিষ্যতে বাঞ্ছারামপুরের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে চান।
মানুষের ভালোবাসা, সহযোগিতা ও দোয়াকে পাথেয় করে তাঁর এই পথচলা আরও গতিশীল হোক—এমন প্রত্যাশাই তাঁর শুভাকাঙ্ক্ষীদের।
আপনার মতামত লিখুন : :