শিক্ষকতা শুধু একটি পেশা নয়, বরং মানুষ গড়ার এক মহান ব্রত। সেই ব্রতকে ধারণ করে নিজের মেধা, শ্রম, সততা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মীর রফিকুল ইসলাম। তিনি শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো ও সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়া একজন আদর্শ শিক্ষাগুরু।
মীর রফিকুল ইসলামের বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামে। কর্মজীবনের শুরু থেকেই তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রেখে আসছেন।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত চরছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। তাঁর আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় যত্নের ফলে বিদ্যালয়টি সাফল্যের ধারায় এগিয়ে যায়। তাঁর নেতৃত্বে বিদ্যালয় থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থীরা বৃত্তি অর্জন করতে থাকে।

পরবর্তীতে তিনি বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানেও নিজের দক্ষতা, নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেন। তাঁর পরিকল্পনা ও অনুপ্রেরণায় শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অসামান্য সাফল্য অর্জন করে। বিদ্যালয়টি থেকে শিক্ষার্থীরা নিয়মিত বৃত্তি অর্জনের পাশাপাশি ফুটবলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এমনকি একবার সারাদেশের মধ্যে রানারআপ হওয়ার কৃতিত্বও দেখায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
২০১৯ সালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে ৩য় স্থান, ২০২৩ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন, ২০২৪ ও ২০২৫ সালে জাতীয় পর্যায়ে রানার্সআপ। তাছাড়া ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত ২০২০ সালে অ-১৪ জাতীয় পর্যায়ে রানার্সআপ, ২০২২ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন। অসংখ্য বার আঞ্চলিক পর্যায়ে রানার্সআপ।
মীর রফিকুল ইসলাম বিশ্বাস করেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত, আত্মবিশ্বাসী, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। তাই শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রতিও তিনি সমান গুরুত্ব দিয়ে থাকেন।
তিনি চরছয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে থাকার সময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল ৩ বার, বাঞ্ছারামপুর মডেল জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল ৪ বার। ২০২০ সালে মডেল স্কুল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল।
বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
নিজের কর্মনিষ্ঠা, আন্তরিকতা, সাফল্য এবং শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসার কারণে মীর রফিকুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা পর্যায়ে একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা তাঁর শিক্ষার্থীদের সাফল্যের মধ্যেই নিহিত। সেই বিবেচনায় মীর রফিকুল ইসলাম নিঃসন্দেহে একজন সফল শিক্ষক। তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাত ধরেই এগিয়ে যাবে প্রাথমিক শিক্ষা, আলোকিত হবে আগামী প্রজন্ম।
আপনার মতামত লিখুন : :