• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
গাজীপুর-নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে স্বস্তি

মহাসড়ক ও উৎপাদন সচল রাখতে মাঠে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৯, ২০২৬, ১২:০৫ পিএম মহাসড়ক ও উৎপাদন সচল রাখতে মাঠে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য

সম্প্রতি শ্রমিক অসন্তোষের জেরে সহিংসতার অপচেষ্টা রুখতে সোমবার (৯ নভেম্বর ২০২৬) গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা অভিযানের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল এখন সম্পূর্ণ স্বাভাবিক। পাশাপাশি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে উৎপাদন সচল রয়েছে। 


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ পর্যায়ক্রমে বিভিন্ন পয়েন্টে আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের ৬ প্লাটুন সদস্য এবং নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুরে নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন, গোপালগঞ্জ আনসার ও মাদারীপুর আনসার ব্যাটালিয়নের ৪ প্লাটুন সদস্য জনসাধারণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ে জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার/সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি নির্দেশনা দিচ্ছেন। সার্বিক নিরাপত্তা ও তদারকিতে রয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আসাদুজ্জামান গণী এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্টগণ। এছাড়া গাজীপুরে উপ-পরিচালক রাফিউদ্দিন জাকারিয়া ও সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জে সহকারী পরিচালক মোঃ শাহীন মিয়া সরাসরি সমন্বয় করছেন। 
পাশাপাশি তথ্য সরবরাহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত রয়েছে বাহিনীর গোয়েন্দা ইউনিট এবং স্থানীয় আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যরা। অনান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যৌথ এই নিরাপত্তা ব্যবস্থার সুবাদে পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। ফলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে উৎপাদন সচল রয়েছে এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Side banner 1 Side banner 2