• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে জবাব দেয়নি সৌদি 


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে জবাব দেয়নি সৌদি 

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনো দেয়নি রিয়াদ। বুধবার (২১ অক্টোর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই গত ১৪ অক্টোবর ওই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, আদালতের রায়ের অনুলিপি, কী অপরাধে তাদের দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কেন বিষয়টি জানানো হয়নি—এসব বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, মামলার বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে সরকার। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পুরুষ ও একজন নারী প্রবাসী সম্পর্কে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে ফেসবুকের পোস্ট দেখে সিদ্ধান্তে না পৌঁছাতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য ও অপতথ্য থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবাসী শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে আনুমানিক ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বসবাস করেন, যাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু।

Side banner 1 Side banner 2