• ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার জুলাই ২৪, ২০২৬, ১০:৫৪ এএম জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে মাদরাসা সুপার গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুপারের নাম সাইদুর রহমান। 
মাদরাসা সূত্রে জানা যায়, মাদরাসার সুপার সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। 
সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন। সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। ওয়ারেন্টের ভিত্তিতে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে ‘দৈনিক শিরোমণি’ নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।

Side banner 1 Side banner 2