নিজের মেধা, সততা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়নের বাসিন্দা মো. সাহিদ মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের মধ্যে আলোচনায় উঠে এসেছে তার নাম।
মো. সাহিদ মিয়া উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. আরব আলীর সন্তান। জীবন-জীবিকার তাগিদে অল্প বয়সেই পাড়ি জমান প্রবাসে। নিজের শ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে একজন সফল রেমিট্যান্সযোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। প্রবাসে অবস্থান করলেও জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি রয়েছে তার গভীর টান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারবিমুখ সাহিদ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটময় সময়ে পাহাড়িয়াকান্দি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিপদগ্রস্ত মানুষের দিকে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আর্থিক সহযোগিতা করে আসছেন।
জয়কালীপুর, ডোমরাকান্দি, উলুকান্দি, কলাকান্দি, বড়কান্দি, হিজুলিয়াকান্দি, পাহাড়িয়াকান্দি ও মুন্সিনগরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে রয়েছে তার আন্তরিক সম্পর্ক। নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত।
সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন সাহিদ মিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন তিনি। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে তার ঘনিষ্ঠজনদের দাবি।
দলে বড় কোনো পদে না থাকলেও স্থানীয় বিএনপির বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মাঠপর্যায়ে কাজ করার পাশাপাশি নেতাকর্মীদের সাহস ও সহযোগিতা জুগিয়েছেন তিনি। প্রবাসে অবস্থান করেও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার কারণে সাহিদ মিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে। বয়োজ্যেষ্ঠদের কাছেও তার বিনয়ী আচরণ ও আন্তরিকতা প্রশংসিত।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন নেতৃত্ব নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাহিদ মিয়ার নাম আলোচনায় রয়েছে। তৃণমূলের রাজনীতিতে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।

এ বিষয়ে মো. সাহিদ মিয়া বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। ছোটবেলা থেকেই পাহাড়িয়াকান্দি ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সঙ্গে জড়িয়ে আছি। সব সময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। এলাকার মানুষ যদি আমাকে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তাহলে ইনশাআল্লাহ পাহাড়িয়াকান্দি ইউনিয়নকে সুশাসনভিত্তিক, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, কৃষক ও সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর অগ্রগতি এবং দুর্নীতিমুক্ত স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা থেকেই তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে আগ্রহী।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাহাড়িয়াকান্দি ইউনিয়নে মো. সাহিদ মিয়াকে নিয়ে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের পাশে থাকা এই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চান। আসন্ন নির্বাচনে ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।
আপনার মতামত লিখুন : :