ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১২নং উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আক্তার হোসেন। তিনি উপজেলার বুধাইরকান্দি গ্রামের সন্তান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে উজানচর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করেছেন বলে জানান মো. আক্তার হোসেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে অতীতের মতো আবারও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। পাশাপাশি উজানচর ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মো. আক্তার হোসেন বলেন, “আমার চেয়ারম্যান থাকাকালীন সময়েই উজানচর ইউনিয়নে সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারও বিজয়ী হলে অতীতের ধারাবাহিকতায় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব।”
স্থানীয়দের কাছে মো. আক্তার হোসেন একজন পরিচিত মুখ। তাঁর সমর্থকদের দাবি, অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনেও তাঁকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
মো. আক্তার হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে উজানচর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।
আপনার মতামত লিখুন : :