• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
ফরদাবাদে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আলোচনায়

রাজপথের পরীক্ষিত সৈনিক মো. আল-আমিন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৭, ২০২৬, ১১:২০ এএম রাজপথের পরীক্ষিত সৈনিক মো. আল-আমিন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনীয়া গ্রামের কৃতী সন্তান মো. আল-আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে এলাকায় পরিচিত তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের মুখেও রাজপথ ছাড়েননি বলে দাবি করেছেন তার রাজনৈতিক সহকর্মীরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত মো. আল-আমিন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। দলের দুঃসময়ে নানা প্রতিকূলতা উপেক্ষা করে সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। এ সময় একাধিকবার পুলিশ ও আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তবে কোনো প্রতিকূলতাই তাকে দলীয় আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও রয়েছে তার সম্পৃক্ততা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে এলাকার নিম্ন আয়ের মানুষ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের আয়ের একটি অংশ এলাকার উন্নয়ন, অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। বিশেষ করে শিক্ষার প্রসার ও উন্নয়নে তার আগ্রহ রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে মো. আল-আমিনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দলীয় কর্মকাণ্ড পরিচালনা, নেতাকর্মীদের সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করেছেন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তার আনুগত্য অটুট ছিল বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান।
তার ঘনিষ্ঠজনদের দাবি, রাজনৈতিক অবস্থান পরিবর্তনের জন্য বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখানো হলেও তিনি বিএনপির রাজনীতি থেকে সরে যাননি। শুধু তিনি নন, তার পরিবারের অন্য সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে পরিবারটিকে বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলে জানা গেছে।
ফরদাবাদ ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মাঠপর্যায়ে কাজ করেছেন আল-আমিন। স্থানীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরও আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা দিয়েছেন। দলের বিভিন্ন আন্দোলন, সভা-সমাবেশ ও কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ তাকে স্থানীয় রাজনীতিতে পরিচিত করে তুলেছে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে নির্বাচনী কার্যক্রমেও ভূমিকা পালন করেন বলে তার সমর্থকেরা জানিয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়ার সময়ে ঘোষিত বিভিন্ন দলীয় কর্মসূচিতেও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।
রাজনীতির পাশাপাশি ফরদাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে রয়েছে তার নিবিড় সম্পর্ক। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় নিয়মিত যাতায়াতের কারণে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার আন্তরিক যোগাযোগ গড়ে উঠেছে। বিশেষ করে নিজ গ্রাম চরলহনীয়াসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আল-আমিনের নাম আলোচনায় আসছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ তাকে আগামী দিনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলেও তার সমর্থকদের দাবি।
আল-আমিনের রাজনৈতিক অভিজ্ঞতার পরিধিও দীর্ঘ। নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল, নেতৃত্বের পরিবর্তন, রাজনৈতিক উত্থান-পতন এবং তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি তিনি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় কর্মকাণ্ড ও নেতৃত্বের গতিপ্রকৃতি সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে। ফলে স্থানীয় রাজনীতির মাঠপর্যায়ের বাস্তবতা সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে বলে মনে করেন তার সহকর্মীরা।
রাজনীতিকে জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করা মো. আল-আমিন আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ ও পরিকল্পিত ফরদাবাদ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন, শিক্ষা, সামাজিক অবকাঠামোর অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখাই তার লক্ষ্য।
দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান এই বিএনপি নেতা। আগামী দিনে দল ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরদাবাদ ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন বিএনপি নেতা মো. আল-আমিন।

Side banner 1 Side banner 2

সারাবাংলা এর আরও খবর