মানবিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়নে অবদান এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩নং মানিকপুর ইউনিয়নে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব নূর মোহাম্মদ নাজিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় এবং দোয়া প্রার্থনা করছেন তিনি। তার সামাজিক কর্মকাণ্ড ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজারে আয়োজিত সমাবেশে নূর মোহাম্মদ নাজিমের নেতৃত্বে বিশাল শোডাউন ছিল বিশেষভাবে আলোচনায়। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্যানেলের সদস্য গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নেতৃত্বে সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশের মঞ্চ থেকে তার নেতৃত্বে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যক্ষ করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এ শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নূর মোহাম্মদ নাজিম মানিকপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আব্দুল মতিন ওরফে সোনালী চেয়ারম্যানের সন্তান। তার বাবা দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের মানুষের জন্য কাজ করেছেন বলে স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন। বাবার সেই আদর্শ ও জনসেবার মানসিকতাকে ধারণ করেই নূর মোহাম্মদ নাজিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।
এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন তিনি। ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি রাস্তা সংস্কার, নির্মাণ ও মেরামতের কাজেও সহযোগিতা করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রামের চলাচলের অনুপযোগী রাস্তাঘাট নিজ উদ্যোগে মেরামত করে মানুষের যাতায়াতের উপযোগী করার চেষ্টা করেছেন। বিশেষ করে করোনাকালীন সংকটে নিম্ন আয়ের মানুষ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করেছেন। প্রচারবিমুখ হওয়ায় এসব কর্মকাণ্ডের অনেক কিছুই তিনি আড়ালে রাখতে পছন্দ করেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
শিক্ষার উন্নয়নেও রয়েছে তার বিশেষ আগ্রহ। নূর মোহাম্মদ নাজিম মনে করেন, শিক্ষার প্রসার ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ চিন্তা থেকেই স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করে আসছেন তিনি। পাশাপাশি নিম্ন আয়ের পরিবারের মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করছেন। তার প্রত্যাশা, অর্থনৈতিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অকালে থেমে না যায়।
শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নেও তার ভূমিকা রয়েছে। মানিকপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে আর্থিক অনুদান এবং নির্মাণসামগ্রী দিয়ে সহযোগিতা করে আসছেন তিনি। এলাকার ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার এমন সম্পৃক্ততা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
স্থানীয়দের একটি অংশের মতে, নূর মোহাম্মদ নাজিম শুধু একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নন, বরং দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন জনবান্ধব মানুষ। বিশেষ করে বাবার জনপ্রিয়তা, নিজের মানবিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাকে স্থানীয় পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচিত হলে বাবার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন।

মানিকপুর ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, নূর মোহাম্মদ নাজিম চেয়ারম্যান পদে দায়িত্ব পালন না করেও ব্যক্তিগত উদ্যোগে রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে তিনি আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়ন করতে পারবেন বলে তাদের প্রত্যাশা।
নির্বাচনকে সামনে রেখে নূর মোহাম্মদ নাজিম ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। তাদের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তার পরিকল্পনায় রয়েছে মানিকপুর ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। বিশেষ করে বাবার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
নূর মোহাম্মদ নাজিমের ঘনিষ্ঠজনেরা জানান, রাজনৈতিক পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থাকেই তিনি বেশি গুরুত্ব দেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। তার স্বপ্ন একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী মানিকপুর ইউনিয়ন প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ মানুষ সহজে নাগরিক সেবা পাবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি আসবে।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১৩নং মানিকপুর ইউনিয়নে নূর মোহাম্মদ নাজিমকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে। সামাজিক কর্মকাণ্ড, পারিবারিক জনসেবার ঐতিহ্য এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ককে পুঁজি করে চেয়ারম্যান পদে নিজের অবস্থান সুসংহত করতে কাজ করছেন তিনি।
আগামী দিনের পথচলায় মানিকপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী নূর মোহাম্মদ নাজিম।
আপনার মতামত লিখুন : :