• ঢাকা
  • বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
আইয়ুবপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়

প্রবাসজীবন শেষে জন্মভূমির সেবায় ফিরেছেন এ কে এম ফজলুল হক স্বপন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার নভেম্বর ১৭, ২০২৬, ১২:৫৪ পিএম প্রবাসজীবন শেষে জন্মভূমির সেবায় ফিরেছেন এ কে এম ফজলুল হক স্বপন

প্রবাসের দীর্ঘ ৩৫ বছরের সফল কর্মজীবন, ব্যবসায়িক প্রতিষ্ঠা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের পর এবার জন্মভূমির মানুষের সেবায় নিজেকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করতে চান বিশিষ্ট রেমিট্যান্সযোদ্ধা ও বিএনপি নেতা এ কে এম ফজলুল হক স্বপন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করায় তাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
শিক্ষা, সামাজিক ঐতিহ্য, রাজনৈতিক সচেতনতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সমৃদ্ধ আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৯ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এ কে এম ফজলুল হক স্বপন। তার বাবা মরহুম সুন্দর মিয়া ছিলেন আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি বাঞ্ছারামপুর উপজেলায় একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। মা মরহুমা ফিরোজা বেগমের আদর্শ ও পারিবারিক মূল্যবোধে বেড়ে ওঠা স্বপন ছোটবেলা থেকেই সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
শিক্ষাজীবনেও মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৮৫ সালে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। এরপর বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজে ভর্তি হন। কলেজজীবন থেকেই রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় সক্রিয় ছিলেন। বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন তিনি এবং ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়ার গৌরব অর্জন করেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। ১৯৮৭ সালে এইচএসসি পাস করার পর ১৯৮৯ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনের পাশাপাশি খেলাধুলায়ও ছিল তার অসাধারণ প্রতিভা। বিশেষ করে ফুটবলে গোলরক্ষক হিসেবে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। তৎকালীন বৃহত্তর কুমিল্লা অঞ্চলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিতি ছিল তার। খেলাধুলার প্রতি সেই ভালোবাসা ও শৃঙ্খলাবোধ পরবর্তী জীবনেও তার ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রেখেছে।
জীবন ও জীবিকার প্রয়োজনে একসময় পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে দীর্ঘ ৩৫ বছরের প্রবাসজীবনে কঠোর পরিশ্রম, সততা ও মেধার মাধ্যমে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন একজন রেমিট্যান্সযোদ্ধা হিসেবে। প্রবাসে সাফল্য অর্জন করলেও জন্মভূমির সঙ্গে তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। ঈদ, পূজা-পার্বণ, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের সহযোগিতায় নিয়মিত ভূমিকা রেখেছেন তিনি। প্রচারবিমুখ স্বভাবের কারণে অনেক মানবিক কর্মকাণ্ডই প্রচারের আড়ালে থেকে গেছে।
রাজনৈতিক অঙ্গনেও এ কে এম ফজলুল হক স্বপনের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনায় প্রবাসে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে সেখানে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে কাজ করেন।
মালয়েশিয়ায় অবস্থানরত বাঞ্ছারামপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। প্রবাসে রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ কিংবা অসুস্থতার মুখোমুখি হওয়া নেতাকর্মীদের সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন। কেন্দ্রীয় বিএনপির নেতাদের মালয়েশিয়া সফরসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
প্রয়াত আরাফাত রহমান কোকোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি রয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক এবং সাংগঠনিক যোগাযোগের মাধ্যমে প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে কাজ করেছেন স্বপন। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করেও দলের প্রতি তার রাজনৈতিক সম্পৃক্ততা বজায় রেখেছেন।
পারিবারিক পরিচয়েও রয়েছে তার সমৃদ্ধ ঐতিহ্য। মরহুম সুন্দর মিয়া চেয়ারম্যান ও মরহুমা ফিরোজা বেগমের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে স্বপন দ্বিতীয় সন্তান। তার বড় ভাই আলহাজ্ব মো. সেলিম আক্তার উদ্ভিদবিজ্ঞানে বিএসসি অনার্স সম্পন্ন করে ব্যবসায় যুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রোসারি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এফবিসিসিআইয়ের জিবি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী নাসরীন পারভীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের ছেলে মেহেদী হাসান পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার এবং মেয়ে তানজিনা আক্তার শান্তা উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
অন্যদিকে এ কে এম ফজলুল হক স্বপনের স্ত্রী মাসতুরা জাহান অনামিকা উচ্চশিক্ষিত। তাদের বড় ছেলে আল নাহিয়ান মালয়েশিয়ায় অ্যারোমেটিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং ছোট ছেলে ফারদিন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছেন। তার চার বোনের পরিবারও বিভিন্ন সামাজিক ও পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
দীর্ঘ প্রবাসজীবনে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরও স্বপনের সবচেয়ে বড় আকর্ষণ জন্মভূমি আইয়ুবপুরের মাটি ও মানুষ। তার বাবা যেভাবে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করেছেন, সেই ঐতিহ্যকে ধারণ করে জীবনের বাকি সময়টুকু নিজ এলাকার মানুষের সেবায় ব্যয় করতে চান তিনি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে আগ্রহী।
স্থানীয়দের একটি অংশ মনে করেন, একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে স্বপনের অভিজ্ঞতা আইয়ুবপুর ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে তিনি কার্যকর দিকনির্দেশনা দিতে পারবেন। পাশাপাশি তার রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক জনসেবার ঐতিহ্য ও সামাজিক যোগাযোগ ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হতে পারে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ কে এম ফজলুল হক স্বপনের চেয়ারম্যান পদে প্রার্থিতার আগ্রহ স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একজন শিক্ষিত, অভিজ্ঞ, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা করছেন স্থানীয়দের একটি অংশ। তাদের মতে, দীর্ঘদিনের প্রবাস অভিজ্ঞতা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে তিনি আইয়ুবপুর ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবেন।
স্বপনের চিন্তা ও পরিকল্পনায় রয়েছে একটি আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন আইয়ুবপুর ইউনিয়ন। যেখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, যোগাযোগব্যবস্থার প্রসার ঘটবে, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষ সহজে ন্যায়বিচার ও নাগরিক সেবা পাবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও এলাকার ঐতিহ্য রক্ষায়ও গুরুত্ব দিতে চান তিনি।
দীর্ঘ ৩৫ বছরের প্রবাসজীবনে অর্জিত অভিজ্ঞতা, ব্যবসায়িক সাফল্য, রাজনৈতিক প্রজ্ঞা ও সামাজিক দায়বদ্ধতাকে এবার জন্মভূমির উন্নয়নে কাজে লাগাতে চান এ কে এম ফজলুল হক স্বপন। বাবার জনসেবার আদর্শকে ধারণ করে আইয়ুবপুর ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইয়ুবপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম ফজলুল হক স্বপন।

Side banner 1 Side banner 2

সারাবাংলা এর আরও খবর