ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়ার সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মেয়র ব্রিজ অতিক্রম করে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। পাশাপাশি জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর সমর্থনে স্লোগান দেন তাঁরা।
কর্মসূচিতে মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মনিরুল হাসান আব্দুল্লাহ।

বক্তব্যে তিনি বলেন, “আজকের বিক্ষোভ মিছিলে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে আবেগাপ্লুত করেছে। আপনাদের ভালোবাসা ও অংশগ্রহণ আমাকে আরও অনুপ্রাণিত করেছে। পদ-পদবি বড় কথা নয়, আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।”
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চান। সংগঠনের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কবির আহমেদ ভূঁইয়ার প্রতি সমর্থন এবং মনিরুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্রদলের এই কর্মসূচিকে সাংগঠনিক তৎপরতার একটি উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন : :