• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫১ এএম মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

ফরিদপুর সদরের আলিয়াবাদে কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যার অভিযোগে আকাশ নামে এক যুবক গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী। অভিযুক্তকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে তার বাড়ির পাশের কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে ভোরে তাকে আটক করা হয়। বর্তমানে সে ফরিদপুর কোতোয়ালি থানার হেফাজতে রয়েছে।
অভিযানে অংশ নেওয়া র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, আটকের সময় আকাশের কথাবার্তা অসংলগ্ন ছিল, যার ফলে তার মানসিক অবস্থার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে গদাধরডাঙ্গী গ্রামের আজগর মোল্লার বাড়ির উঠানে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, আকাশ হঠাৎ করে কোদাল নিয়ে এলোপাতাড়ি হামলা চালালে ঘটনাস্থলেই রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন রিয়াজ মোল্লা (৪৫) নামে আরও একজন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আকাশকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার এবং ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।

Side banner 1 Side banner 2