কুমিল্লার চান্দিনায় সহকারী কমিশনার (ভূমি)-এর আচরণের ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল চারটার দিকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক আমার শহরের দেবিদ্বার প্রতিনিধি আবদুল আলীম এবং দৈনিক মানবজমিনের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার।
সাংবাদিক আবদুল আলীম বুধবার রাতে ফেসবুক লাইভে জানান, তার খালাতো বোনের পরিবারের একটি নামজারির শুনানি উপলক্ষে তিনি ও রাসেল সরকার দুপুরে ভূমি অফিসে যান। শুনানি হবে কি না জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করেন। সেই আচরণের ভিডিও করতে গেলে এসিল্যান্ড তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিতে চান। বাধা দেওয়ায় পুলিশ ডেকে দুজনকেই হাতকড়া পরিয়ে থানায় পাঠান তিনি।
আবদুল আলীম আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার পর এসিল্যান্ড জোর করে মোবাইলের লক খুলে গ্যালারির সব ছবি ও ভিডিও মুছে দেন। পরে ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার শর্তে জোর করে মুচলেকা নেওয়া হয়।
তবে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর দাবি করেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল। তিনি বলেন, শুনানি চলাকালে দুজন কার্যালয়ে প্রবেশ করে অনুমতি ছাড়াই ভিডিও করতে শুরু করেন। বিব্রত হয়ে পুলিশকে জানানোর পর তাদের ‘উচ্ছৃঙ্খল আচরণের’ কারণে পুলিশ হাতকড়া পরায়। পরে দুই পক্ষ বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে তিনি জানান।
বুধবার রাতে হাতকড়া পরিহিত দুই সাংবাদিকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানান। কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কেউ ভুল করলে আইনি পথে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু হাতকড়া পরিয়ে সাংবাদিকদের হেনস্তা করা অগ্রহণযোগ্য। তিনি অবিলম্বে ওই এসিল্যান্ডের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নজরে এসেছে এবং খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন : :