রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলার অভিযোগ উঠেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হলে কয়েকজন নেতা-কর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, হামলায় মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
তবে এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে কোনো সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় ধানমন্ডি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন : :