বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞা। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে প্রেষণে বিসিআইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মো. বাবুল মিঞা প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ২৫ জানুয়ারি সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন।
বিসিআইসি দেশের রাসায়নিক শিল্প ও সার উৎপাদন-সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপনা, কারখানাগুলোর কার্যক্রম পরিচালনা এবং সার ও রাসায়নিক পণ্যের সরবরাহ নিশ্চিত করা এর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের নেতৃত্বে এলেন বাবুল মিঞা। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
বাঞ্ছারামপুরের দড়িভেলানগর গ্রামের সন্তান মো. বাবুল মিঞার এ নিয়োগে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর নতুন দায়িত্বের সাফল্য কামনা করেছেন এলাকার শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা করছেন, বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি দেশের শিল্প খাতের উন্নয়ন ও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে অবদান রাখবেন।
আপনার মতামত লিখুন : :