ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় সংগ্রহের লক্ষ্যে “অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের মাধ্যমে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কর্মসূচি। তারা কৃষকদের সরকারি বিধি-বিধান অনুসরণ করে ধান সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি গুদামে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন : :