• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক জুলাই ২০, ২০২৬, ০৪:৪৬ পিএম আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে বোতলবন্দী করে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নিল স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল করেছেন স্পেনের ফেরান তোরেস। এতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির আর্জেন্টিনার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সোনালী ট্রফিটি নিজেদের করে নিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে আসা ইউরো চ্যাম্পিয়নদের নিখুঁত ও গোছানো ফুটবলের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আলবিসেলেস্তেদের। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাতে মহারণ দেখতে মুখিয়ে ছিল ফুটবল বিশ্ব।
ম্যাচের শুরু থেকেই মাঠে স্প্যানিশদের দাপট ছিল চোখে পড়ার মতো। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আর্জেন্টাইন রক্ষণভাগকে তটস্থ করে রাখে ফুয়েন্তের দল। ম্যাচের পঞ্চম মিনিটেই স্প্যানিশদের এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। এরপর ১২তম মিনিটে স্পেনের প্রথম কর্নার দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন লিসান্দ্রো মার্তিনেজ।


প্রথমার্ধের পুরোটা সময় জুড়ে স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবলের সামনে খাবি খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকা আর্জেন্টিনা প্রথমার্ধে স্পেনের গোলমুখে কোনো ভীতিই ছড়াতে পারেনি। তবে বলের দখলে স্প্যানিশরা আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে স্পেন। তবে স্প্যানিশদের একের পর এক আক্রমণ চীনের প্রাচীর হয়ে রুখে দিচ্ছিলেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ। এর মধ্যে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই ডেডলক ভাঙতে না পারলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
আর সেখানেই স্পেনের ত্রাতা হয়ে আসেন ফেররান তোরেস। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে বক্সের বাইরে থেকে ভেসে আসা বল নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে বাড়ান নিকো উইলিয়ামস। ফাঁকায় থাকা তোরেস চলন্ত বলেই এক বুলেট গতির শটে বল জড়ান আর্জেন্টিনার জালে। উল্লাসে ফেটে পড়ে স্প্যানিশ শিবির।
ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও স্পেনের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Side banner 1 Side banner 2