• ঢাকা
  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
শেফালির সেঞ্চুরি

১৯৬ রানের লক্ষ্যে শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৬, ০১:৩৬ পিএম ১৯৬ রানের লক্ষ্যে শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের নারী ব্যাটারদের তাণ্ডবে খড়কুটোর মতো উড়ে গেলেন বাংলাদেশের বোলাররা। লাল-সবুজের প্রতিনিধিদের ওপর চড়াও হয়ে মারকুটে ওপেনার শেফালি ভার্মা তুলে নিয়েছেন সাদা বলের ক্রিকেটে নিজের প্রথম টি-টোয়েন্টি শতক। তার অপরাজিত ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই তোপ দাগাতে থাকেন ভারতীয় ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারেই দলীয় বোর্ডে ৭২ রান তুলে ফেলেন তারা। অবশেষে পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে (৩৭) প্যাভিলিয়নে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ভেঙে যায় উদ্বোধনী জুটি।
এরপর গুনালান কামালিনিকে (৩) দ্রুতই বিদায় করেন সানজিদা আক্তার মেঘলা। তবে দ্বিতীয় উইকেটের পতনের পরেই শুরু হয় আসল ‘শেফালি শো’। অধিনায়ক হারমানপ্রীত কৌরকে সঙ্গে নিয়ে বাংলাদেশি বোলারদের দিশেহারা করে দেন এই তুখোড় ওপেনার। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৯৪ রানের বিধ্বংসী এক জুটি।
দলীয় ১৭৯ রানে হারমানপ্রীতকে (৪০) আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রাবেয়া খান। পরের ওভারে আরেক ব্যাটার রিচা ঘোষকে (২) সাজঘরে পাঠান দ্রুতগতির পেসার মারুফা আক্তার। তবে অন্যপ্রান্তে শেফালিকে থামায় সাধ্য কার! সেঞ্চুরি হাঁকাতে শেষ ওভারে ভারতের দরকার ছিল মাত্র ২ রান। স্বর্ণা আক্তারের করা ওভারের প্রথম তিন বল স্ট্রাইকে ছিলেন না তিনি। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে পৌঁছান ৯৯ রানে। পরের বলে নন-স্ট্রাইকিং প্রান্ত থেকে আবার স্ট্রাইকে ফিরে আসেন ফুলমালির একক রান নেওয়ার সুবাদে। এরপর ওভারের একদম শেষ বলে স্বর্ণার মাথার ওপর দিয়ে নিজের নবম ছক্কাটি হাঁকিয়ে মাত্র ৪৯ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।
এদিকে রানের পাহাড়ের নিচে চাপা পড়া বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই হারিয়েছে ২ উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভার করা নন্দিনী শর্মার প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরলেন জুয়াইরিয়া ফেরদৌস। পরের ওভারে বাউন্সারে পুল খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন সোবহানা। আর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন নিগার সুলতানা। 
প্রতিবেদন লেখা পর্যন্ত, ছয় ওভারে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় নারী দল।

Side banner 1 Side banner 2