• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আবাসন মেলার উদ্বোধন


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৫, ২০২৬, ০১:৫৮ পিএম বিশ্ব বসতি দিবস উপলক্ষে আবাসন মেলার উদ্বোধন

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলায় আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নিচ্ছে। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।


সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এছাড়া বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

Side banner 1 Side banner 2