সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নারী সংসদ সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। আমরা আশা করি, জাতীয় সংসদে তারা যথাযথ ভূমিকা পালন করবেন।’
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য গতকাল রবিবার রাতে শপথ গ্রহণ করেছেন। সংরক্ষিত ৫০ জনের আসনে এবার বিএনপির ৩৬ জন নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন। পরে সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন তারা।
আপনার মতামত লিখুন : :