বরগুনা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫-এ পাথরঘাটা উপজেলার তাসলিমা মেমোরিয়াল একাডেমি প্রথম স্থান অর্জন করেছে। বিদ্যালয়টির পঞ্চম ও চতুর্থ শ্রেণীর মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৭ জন এবং সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর তাসলিমা মেমোরিয়াল একাডেমি থেকে মোট ৮১ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলায় পঞ্চম শ্রেণীতে মোট ৮৪ জন এবং চতুর্থ শ্রেণীতে ৮৯ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পঞ্চম শ্রেণীতে ২৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে—ট্যালেন্টপুলে ৮ জন এবং সাধারণ গ্রেডে ২০ জন। অন্যদিকে চতুর্থ শ্রেণীতে ২৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সমান ১২ জন করে রয়েছে।
এ বিষয়ে তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ বৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, মেধার দিক থেকে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এগিয়ে থাকলেও বৃত্তি প্রদানে বৈষম্য করা হচ্ছে। এতে মেধাবী শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করে।
আপনার মতামত লিখুন : :