• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে তরুণ প্রজন্মের আইকন মাহিন মাহবুব হৃদয়


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৮:৫৮ পিএম বাঞ্ছারামপুরে তরুণ প্রজন্মের আইকন মাহিন মাহবুব হৃদয়

সমাজসেবা, মানবকল্যাণ ও ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় তরুণ উদ্যোক্তা এবং ‘মাহবুব হাসান বাবু ফাউন্ডেশন’-এর কর্ণধার মাহিন মাহবুব হৃদয়কে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি সাবেক প্রয়াত চেয়ারম্যান—সবার প্রিয় ‘বাবু চেয়ারম্যান’-এর সুযোগ্য বড় সন্তান। পারিবারিক ঐতিহ্য ও তৃণমূল পর্যায়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজসহ সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করা এই তরুণ নেতৃত্ব এবার বৃহত্তর পরিসরে জনপ্রতিনিধিত্বের দায়িত্বে আসতে পারেন বলে জোর গুঞ্জন উঠেছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের জোরালো দাবি—আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।


পারিবারিক ঐতিহ্য, মানবকল্যাণ ও তরুণদের অনুপ্রেরণা
বাবার জনকল্যাণমুখী আদর্শকে ধারণ করে মাহিন মাহবুব হৃদয় এলাকায় কেবল একজন উদ্যোক্তা বা সংগঠক হিসেবে নয়, বরং সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। তাঁর প্রতিষ্ঠিত ‘মাহবুব হাসান বাবু ফাউন্ডেশন’-এর ব্যানারে তিনি এলাকার শিক্ষা বিস্তার, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, চিকিৎসাসেবা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও দুস্থ পুনর্বাসনে নিরলসভাবে কাজ করে আসছেন। যে কোনো মানবিক দুর্যোগে অসহায় মানুষের পাশে সবার আগে দাঁড়ানো এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।


ক্রীড়ামোদী নেতৃত্ব ও মাঠের সাফল্য
সমাজসেবার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নেও মাহিন মাহবুব হৃদয়ের ভূমিকা চোখে পড়ার মতো। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে তিনি নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক অনুদান ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি তাঁর নিজস্ব ক্রীড়া দল বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রীড়াক্ষেত্রে এমন সক্রিয় সম্পৃক্ততা তরুণ প্রজন্মের মাঝে তাঁকে বিপুল জনপ্রিয় করে তুলেছে।


মেয়র পদে প্রার্থিতার গুঞ্জন ও নাগরিক প্রত্যাশা
সাম্প্রতিক সময়ে পৌর এলাকার প্রতিটি চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক আড্ডার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মাহিন মাহবুব হৃদয়ের নির্বাচনে সম্ভাব্য অংশগ্রহণ। পৌরবাসীর একাংশের মতে, বাবার মতোই জনকল্যাণে নিবেদিত থেকে দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ নিরসন, আধুনিক অবকাঠামো নির্মাণ, তরুণদের কর্মসংস্থানমুখী পরিবেশ তৈরি এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগর প্রশাসন উপহার দিতে তাঁর মতো শিক্ষিত ও উদ্যোমী নেতৃত্বের বিকল্প নেই।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ নাগরিকদের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাঁর ওপর ধারাবাহিক চাপ ও অনুরোধ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের সুধীজন ও তরুণদের সঙ্গে তাঁর ঘরোয়া মতবিনিময়ও চলছে।


যা বলছেন মাহিন মাহবুব হৃদয়
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে মাহিন মাহবুব হৃদয় জানান, নির্বাচন নিয়ে তাঁর নিজস্ব কোনো পূর্বপরিকল্পনা ছিল না। 
তিনি বলেন, “আমার বাবা মরহুম বাবু চেয়ারম্যান আজীবন মানুষের সেবা করে গেছেন। আমিও বাবার আদর্শ বুকে ধারণ করে সবসময় মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করতে চেয়েছি। তবে সাধারণ মানুষ, সুধীজন ও তরুণ প্রজন্ম যদি আন্তরিকভাবে চায় এবং নাগরিক সেবায় আমার প্রয়োজন অনুভব করে, তবে তাদের প্রত্যাশার বিষয়টি আমি ইতিবাচকভাবেই বিবেচনা করব।”
গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা গড়ার স্বপ্নে স্থানীয় সাধারণ মানুষ এখন মাহিন মাহবুব হৃদয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন।

Side banner 1 Side banner 2