• ঢাকা
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

একে একে নিভে গেল পরিবারের ৫ জনেরই প্রাণ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১৫, ২০২৬, ০১:৫৮ পিএম একে একে নিভে গেল পরিবারের ৫ জনেরই প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের মা-বাবা ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের শেষ সদস্য মা সায়মা (৩২) মারা যান।
রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি জানান, সোমবার বিস্ফোরণের পর শুক্রবারের মধ্যে একে একে বাবা, মা ও তাদের তিন সন্তানের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে মারা যান মা সায়মা। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না।
তার তিন ঘণ্টা পর বেলা ১টার দিকে মারা যায় বড় বোন মুন্নি (১০)। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মুন্নির শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে আগে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যায় তাদের আরেক সন্তান কথা। সাত বছর বয়সী শিশুটির শরীরের ৫২ শতাংশ এবং শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
শিশুদের বাবা মো. কালাম (৩৫) মারা যান গত সোমবার সকালে। চিকিৎসকদের মতে, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, গত ১০ মে সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ফ্ল্যাটে গ্যাস জমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Side banner 1 Side banner 2