• ঢাকা
  • বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.
নামে মাত্র রাজস্ব আদায়ের লক্ষে

বাঞ্ছারামপুরে স্কুল কলেজে গরু ছাগলের হাট বসানোর অনুমতি


বাঞ্ছারামপুর বার্তা | বা.বার্তা রিপোর্ট মে ১৩, ২০২৬, ১০:১৪ এএম বাঞ্ছারামপুরে স্কুল কলেজে গরু ছাগলের হাট বসানোর অনুমতি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিভিন্ন স্কুল কলেজে গরু ছাগলের হাট বসানোর অনুমতি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম। মঙ্গলবার (১২ মে) আসন্ন ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে অস্থায়ী পশুর হাট ইজারা দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ০৫.৪২.১২০৪.০০০.০০০.১৬.০০১.২৫-২৫৯নং স্মারকে দরপত্র আহবান করেন তিনি। তবে অতীতে সমস্ত রেকর্ড ভেঙ্গে গরু ছাগল বিক্রির উদ্দেশ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০টি জায়গা নির্ধারণ করা হয়। আর সেই কারণে অস্থায়ী পশুর হাট ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই পুরো উপজেলায় কানাঘুষা শুরু হয়। যদিও দরপত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ডিএফপি তালিকাভুক্ত জাতীয় ও স্থানীয় পর্যায়ে কোন সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়নি।


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০টি অস্থায়ী হাটবাজারের মধ্যে রয়েছে তেজখালী ইউনিয়নে আকানগর হানারপাড় অস্থায়ী পশুর হাট, বিষ্ণুরামপুর বাজার অস্থায়ী পশুর হাট; পাহাড়িয়াকান্দি ইউনিয়নে পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অস্থায়ী পশুর হাট; দরিয়াদৌলত ইউনিয়নে মরিচাকান্দি অস্থায়ী পশুর হাট, দরিয়াদৌলত অস্থায়ী পশুর হাট, কদমতলী কান্দু শাহ মাঠে অস্থায়ী পশুর হাট; সোনারামপুর ইউনিয়নে সোনারামপুর বাজার অস্থায়ী পশুর হাট; দরিকান্দি ইউনিয়নে জীবনগঞ্জ বাজার অস্থায়ী পশুর হাট, আনন্দ বাজার অস্থায়ী পশুর হাট, বাহাদুরপুর পশ্চিমপাড়া ডেপারপাড় অস্থায়ী পশুর হাট; ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট, মধ্যনগর বাজার অস্থায়ী পশুর হাট; বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে ধারিয়ারচর নুরুল ইসলাম কলেজ সংলগ্ন অস্থায়ী পশুর হাট, দুর্গাপুর ১নং ওয়ার্ডের বাজার মাঠে অস্থায়ী পশুর হাট; আইয়ুবপুর ইউনিয়নে চরছয়ানী মাদ্রাসা মাঠ অস্থায়ী পশুর হাট, কানাইনগর বালুর মাঠে অস্থায়ী পশুর হাট, আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম হাই স্কুল মাঠে অস্থায়ী পশুর হাট; ফরদাবাদ ইউনিয়নে পূর্বহাটি গাবতলী বাজার অস্থায়ী পশুর হাট, ফরদাবাদ ড. রওশন আলম কলেজ মাঠে অস্থায়ী পশুর হাট, চরলহনীয়া বাজার অস্থায়ী পশুর হাট; রূপসদী ইউনিয়নে রূপসদী দক্ষিণপাড়া হাইস্কুল সংলগ্ন মাঠে অস্থায়ী পশুর হাট, হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অস্থায়ী পশুর হাট; ছলিমাবাদ ইউনিয়নে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় অস্থায়ী পশুর হাট, মিরপুর বাজার অস্থায়ী পশুর হাট, হায়দরনগর বটতলী বাজার অস্থায়ী পশুর হাট, ভুরভুরিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী পশুর হাট; উজানচর ইউনিয়নে উজানচর কে এন উচ্চ বিদ্যালয় সংলগ্ন অস্থায়ী পশুর হাট, রাধানগর সাদ্দাম বাজার বালুর মাঠে অস্থায়ী পশুর হাট এবং মানিকপুর ইউনিয়নের বাহেরচর পুরাতন বাজার কলেজ মাঠে অস্থায়ী পশুর হাট ও উলুকান্দি বালুর মাঠে অস্থায়ী পশুর হাট। 


এসব অস্থায়ী পশুর হাটবাজারের মধ্যে সরকারের নামে মাত্র রাজস্ব আদায়ের লক্ষে সাধারণ মানুষের বাঁধা উপেক্ষা করে ৫টি নতুন বাজার সৃষ্টি করা হয়। এই নতুন বাজারগুলোর মধ্যে একজন আধ্যাত্মিক সাধকের মাজার, একটি মাদ্রাসা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ফলে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 
এদিকে উপজেলার ১৩টি ইউনিয়নের ৩০টি অস্থায়ী গরু ছাগলের বাজারের মধ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শাহরাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ, ধারিয়ারচর নুরুল ইসলাম কলেজ, চরছয়ানী মাদ্রাসা মাঠ, আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, ফরদাবাদ ড. রওশন আলম কলেজ, রূপসদী দক্ষিণপাড়া হাইস্কুল, হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, ভুরভুরিয়া আদর্শ স্কুল এন্ড কলেজ, উজানচর কে এন উচ্চ বিদ্যালয় এবং বাহেরচর কলেজ মাঠ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে সপ্তাহের দুই থেকে তিনদিন বসবে গরু-ছাগলের হাট। স্কুলের সামনে ও ভবনে উপরেই বড় সাইনবোর্ডে ঝোলানো হবে বিশাল গরু-ছাগলের হাট। বিগত সময়ে বাঞ্ছারামপুর উপজেলার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গরু ছাগলের হাট না বসানোর জন্য এলাকার সচেতনমহল আন্দোলন করেছিল।
ড. রওশন আলম কলেজের কয়েকজন শিক্ষার্থী জানায়, বিগত সময়ের মতো আবারও আমাদের কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। কোরবানির বাজারের পর ঈদের ছুটি শেষ হয়ে গেলেও মাঠ থেকে দুর্গন্ধ সরে না। পোকামাকড়, মশা-মাছি বেড়ে যায়। এগুলো পরিষ্কার করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয় না। ইজারাদাররা নিজ খরচে কখনও এসব পরিস্কার করে না। বলতে গেলে ইজারাদারদের খুঁজেই পাওয়া যায় না। এই শিক্ষা প্রতিষ্ঠানে হাটবাজার বসানো হলে আন্দোলনের ডাক দেয়া হবে।
ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্কুলের প্রধান শিক্ষক নিজের স্বার্থে এখানে গরু ছাগলের হাট বসানোর জন্য অনুমতি দিয়ে থাকেন। কোরবানীর পর পুরো শিক্ষাপ্রতিষ্ঠান র্দুগন্ধে ভরে যায়। 
নাম প্রকাশে অনিচ্ছুক হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন। তিনি বলেন, ইউএনও স্যার অনুমতি দিলে আমাদের মতো শিক্ষকদের কিছু করার থাকে না। এলাকার কিছু টাউটবাটপার নিজেদের স্বার্থে হয়তো ইউএনও স্যারকে বুঝিয়েছে বাজার বসানোর জন্য। এখানে বাজার বসিয়ে সরকার কত টাকা রাজস্ব পাবে? এই শিক্ষা প্রতিষ্ঠানে গরু ছাগলের বাজার না বসানোর জন্য অনুরোধ করছি।
শাহরাহাত আলী স্কুলের শিক্ষার্থীরা জানায়, প্রতিবছর এখানে গরু ছাগলের বাজার বসিয়ে স্কুলের পরিবেশ নষ্ট করা হয়। এই বছর গরু ছাগলের বাজার বসানো হলে আন্দোলনের ডাক দেয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক কিছু টাকার লোভে অস্থায়ী গরুর বাজার বসানোর জন্য অপেক্ষায় থাকেন। তারই উচিত ইউএনও স্যারকে বুঝানো।
আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।
বাঞ্ছারামপুর উপজেলার সচেতনমহল শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও অলি আউলিয়ার দরবার শরীফকে পশুরহাটের বাইরে রাখার দাবি জানিয়েছেন। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেন।

Side banner 1 Side banner 2