জাতিসংঘের আবাসন ও টেকসই নগর উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএন-হ্যাবিট্যাট’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ প্রতিনিধিদল। টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়। বৃহস্পতিবার (২১ মে) আজারবাইজানের বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের দ্রুত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন, বস্তি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানিক পরিকল্পনা আইন বাস্তবায়ন, জেন্ডার সংবেদনশীল গণপরিসর নকশা এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম। এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএন-হ্যাবিট্যাট প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থাটির নির্বাহী পরিচালক আনা-ক্লাউদিয়া রসবাখ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কাজুকো ইশিগাকি, ইউএন-হ্যাবিট্যাট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ের ব্যাংকক মাল্টি-কান্ট্রি প্রোগ্রাম অফিসের প্রধান শ্রীনিবাসা পপুরি এবং ইউএন-হ্যাবিট্যাট বাংলাদেশ কান্ট্রি অফিসের ইন-কান্ট্রি ফোকাল পয়েন্ট ফারিবা আলম।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল দেশের নগর উন্নয়ন খাতে সরকারের চলমান উদ্যোগসমূহ তুলে ধরে। বিশেষ করে সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল আবাসন, কমিউনিটি অংশগ্রহণভিত্তিক উন্নয়ন, নারী ও প্রতিবন্ধীবান্ধব নগর অবকাঠামো, সবুজ ও পরিবেশবান্ধব নগরায়ণ, বস্তি উন্নয়ন এবং নগর সেবার সম্প্রসারণ বিষয়ে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরা হয়।
এছাড়া আবাসন নীতি উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, গবেষণা, নগর পরিকল্পনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে ইউএন-হ্যাবিট্যাটের সহযোগিতা কামনা করে বাংলাদেশ প্রতিনিধি দল।
ইউএন-হ্যাবিট্যাট কর্মকর্তারা বাংলাদেশের নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল উদ্যোগসমূহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে টেকসই ও মানুষকেন্দ্রিক নগর উন্নয়নে কারিগরি সহযোগিতা, জ্ঞান বিনিময়, গবেষণা এবং পাইলট প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন : :