জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা, ব্যাগ ও কার্ড রিডারসহ বিভিন্ন সামগ্রী কেনাকাটায় ‘হরিলুট’ ও দুর্নীতির অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এই আদেশে স্বাক্ষর করেন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে (নিজাম)। কমিটির অন্য সদস্যরা হলেন: ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের হুমাম কাদের চৌধুরী এবং কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।
অফিস আদেশে বলা হয়, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনটি সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য স্পিকার আজ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করেন।
কমিটি গঠিত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সংসদ সচিবালয়ের বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ও আনুষাঙ্গিক কেনাকাটায় অস্বাভাবিক খরচ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে ক্যামেরা ও ব্যাগ কেনা হয়েছে। এ নিয়ে জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন : :