• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

কে হবে দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? 


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ২১, ২০২৬, ০১:২৩ পিএম কে হবে দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান? 

শিক্ষা, কৃষি, অর্থনীতি ও সামাজিক অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে অন্যতম সেরা ইউনিয়ন হলো দরিয়াদৌলত। প্রমত্তা মেঘনার কোলঘেষা উপজেলার উত্তরাঞ্চলে ৪,৯৫৯ একর বা ২০.০৭ বর্গ কিলোমিটার আয়তনের দরিয়াদৌলত ইউনিয়নের গ্রামগুলো মরিচাকান্দি, বাখরনগর, তাতুয়াকান্দি, কদমতলি, দরিয়াদৌলত, কালাইনগর ও শুটকিকান্দি।


কৃষি প্রধান এই ইউনিয়নের আছাদনগর গ্রামটি বাঞ্ছারামপুর পৌরসভায় অন্তর্ভূক্ত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে অন্যতম সেরা এই ইউনিয়নে জনপ্রতিনিধি হওয়ার জন্য বেশ প্রতিযোগিতা চলে। বর্তমানে দরিয়াদৌলত ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৯৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫শত ৮১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৫শত ১৫ জন। 


বিগত সময়ে দরিয়াদৌলত ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ১৯৭৪ সালের ১ এপ্রিল থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত দরিয়াদৌলত গ্রামের সুন্দর আলী সওদাগর, ১৯৭৭ সালের ২১ মার্চ থেকে ১৯৮৪ সালের ১৫ মে পর্যন্ত মরিচাকান্দির খাদেম রসুল, ১৯৮৪ সালের ১৫ মে থেকে ১৯৮৮ সালের ১৮ জুলাই পর্যন্ত আছাদনগরের আওলাদ হুসেন, ১৯৮৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯২ সালের ৩০ জুন পর্যন্ত মরিচাকন্দির খাদেম রসুল, ১৯৯২ সালের ৩০ জুন থেকে ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দরিয়াদৌলত গ্রামের আমিরুল ইসলাম, ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০০৩ সালের ৬ এপ্রিল পর্যন্ত মরিচাকান্দির জহিরুল ইসলাম, ২০০৩ সালের ৬ জুন থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত দরিয়াদৌলত গ্রামের নুরুল ইসলাম খাঁন, ২০১১ সালের ৭ জুলাই থেকে ২০১৭ সালের ১৪ মে পর্যন্ত বাখরনগর গ্রামের জাহাঙ্গীর আলম, ২০১৭ সালের ১৫ মে থেকে ২০২২ সাল পর্যন্ত দরিয়াদৌলত গ্রামের শরীফুল ইসলাম রিপন, সর্বশেষ দায়িত্ব পালন করেছেন কদমতলীর এ বি এম মাহবুবুর রহমান উজ্জ্বল।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার অন্যান্য ইউপি চেয়ারম্যানের মতো গা ঢাকা দেন মাহবুবুর রহমান উজ্জ্বল। পরে চেয়ারম্যান প্যানেল হিসেবে দায়িত্ব পালন করছেন ৫নং ওয়ার্ডের মেম্বার মো. মহসিন মিয়া।


এই ইউনিয়নে সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডে অঞ্জনা বেগম; ৪, ৫, ৬নং ওয়ার্ডে জাকিয়া সুলতানা ৭, ৮, ৯নং ওয়ার্ডে নাদিরা আক্তার হেপী এবং ১ নং ওয়ার্ডে মতিউর রহমান, ২নং ওয়ার্ডে কাজী মতিউর রহমান, ৩নং ওয়ার্ডে তপন মিয়া, ৪নং ওয়ার্ডে ফজলুল হক, ৫নং ওয়ার্ডে মহসিন মিয়া, ৬নং ওয়ার্ডে মনির হোসেন, ৭নং ওয়ার্ডে হকসাব, ৮নং ওয়ার্ডে ইসমাইল হোসেন, ৯নং ওয়ার্ডে ওসমান গণি ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের অনেকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করবেন।
বর্তমান বিএনপি সরকার স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায়। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এ বছরের শেষের দিকে। 


স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভার পর থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২১ জুন। সেদিন প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেসব ইউনিয়নে এখন নির্বাচন করতে চায় সরকার।
এদিকে দিনক্ষণ ঠিক না হলেও বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা। বিভিন্ন কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নানা কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়ায় বিএনপির প্রার্থীরাই এখন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। অনেকে ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছে। 


বিভিন্ন সূত্রে জানা যায়, দরিয়াদৌলত ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ডাক্তার আবদুল্লাহ আল মামুন, মো. দেলোয়ার হোসেন, এ্যাডভোকেট জিয়াউল হক বাদল, রেজাউল হক উজ্জ্বল ও কদমতলীর সাইদ আহমেদ বাবু প্রমুখ।
মেম্বার প্রার্থীদের মধ্যে রয়েছেন মতিউর রহমান মতি, রফিকুল ইসলাম, আজাদ মিয়া, আক্তারের নেছা, মাকসুদা বেগম, মিনা বেগম, মনোয়ারা বেগম, বিলকিছ বেগম, রুশিয়া, মতিউর রহমান, জামাল উদ্দিন, তপন মিয়া, জালালউদ্দিন, মুন্সি মিয়া, ডালিম মিয়া, মনিরুল ইসলাম, শফিকুল ইসলাম, মাইনউদ্দিন। 
বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। বিশেষ করে দরিয়াদৌলত বাজার, কদমতলি কান্দুশাহের মাজার প্রাঙ্গণ ও মরিচাকান্দি বাজার জমজমাট হয়ে উঠেছে। সর্বত্রই আলোচনা চলছে কে হতে যাচ্ছে দরিয়াদৌলত ইউনিয়নের চেয়ারম্যান? 
তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ডাক্তার মামুন ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এমনটাই শুনা যাচ্ছে। 

Side banner 1 Side banner 2