ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন হলো ছলিমাবাদ। এই ইউনিয়ন ১৬টি গ্রাম নিয়ে গঠিত। গ্রামগুলো হলো সাহেবনগর, নিলখী, ছলিমাবাদ, সাতবিলা, পাইকারচর, কমলপুর, মীরপুর, আশ্রাফবাদ, হোসেনপুর, হায়দরনগর, তাতুয়াকান্দি, গঙ্গানগর, ভূরভুরিয়া, ঝুনারচর, খাককান্দা ও পাঠামারা।

বাঞ্ছারামপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন ছলিমাবাদে মোট ভোটার ৩২ হাজার ৮শত ৩৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৭শত ৮১জন, মহিলা ভোটার ১৬ হাজার ৫৩জন।

বিগত সময়ে এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ১৯৭৩ সালে ছিদ্দিকুর রহমান, ১৯৭৭ সালে দৌলত আহাম্মদ, ১৯৮২ সালে মিজানুর রহমান, ১৯৮৭ সালে ছিদ্দিকুর রহমান, ১৯৯২ সালে আবদুল করিম, ১৯৯৭ সালে মো. ফারুক মিয়া, ২০০২ সালে আজিজুর রহমান, ২০১০ সালে রুস্তম আলম, ২০১৬ সালে আবদুল মতিন, ২০২১ সালে মো. জালাল মিয়া।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে উপজেলার প্রায় সবগুলো ইউনিয়নের চেয়ারম্যানই পালিয়ে যান। তবে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল মিয়া এলাকায় অবস্থান করেন। বিগত সময়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালিন সরকারের সময় ছলিমাবাদ ইউনিয়ন পরিষদ থেকে গ্রেফতার হন মো. জালাল মিয়া। পরে ২নং ওয়ার্ড মেম্বার মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান প্যানেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ইউনিয়নে সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডে ডলি বেগম; ৪, ৫, ৬নং ওয়ার্ডে মরিয়ম বেগম ৭, ৮, ৯নং ওয়ার্ডে নাছিমা বেগম এবং ১ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমন মিয়া, ২নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ডে মনির হোসেন, ৪নং ওয়ার্ডে মুন্সি আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ডে জাকির হোসেন, ৬নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৭নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৯নং ওয়ার্ডে অহিদ মিয়া ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের অনেকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করবেন।

বর্তমান বিএনপি সরকার স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায়। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এ বছরের শেষের দিকে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভার পর থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২১ জুন। সেদিন প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেসব ইউনিয়নে এখন নির্বাচন করতে চায় সরকার।

এদিকে দিনক্ষণ ঠিক না হলেও বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা। বিভিন্ন কৌশলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। নানা কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়ায় বিএনপির প্রার্থীরাই এখন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। অনেকে ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ছলিমাবাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, আবু মুসা সরকার, আবদুল্লাহ আল মামুন, ভুরভুরিয়ার বিএনপি নেতা মো. সোহাগ সরকার ও মনির হোসেন প্রমুখ।
এই ইউনিয়নে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক মেম্বার আবদুস সামাদ, মো. মোবারক হোসেন, এম এ সালাম, আবদুল হান্নান সরকার, সাবেক মেম্বার জামাল মিয়া, মোকবল হোসেন, মো. তারা মিয়া তারু এবং আরিফুল ইসলাম মাসুম প্রমুখ।
আপনার মতামত লিখুন : :