• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

রাজনগরে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৩, ২০২৬, ১০:০৯ পিএম রাজনগরে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়ন ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওজনে কম দেয়া ও নগদ টাকা ব্যাংকে জমা না করে গ্রাম-পুলিশরা নিজেরাই সংগ্রহ করছেন এসব টাকা। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। 
গত ৯ মাস থেকে দুই বছর মেয়াদি ভিজিডি’র চাল পাওয়া নারীদের কাছ থেকে ইউনিয়নের গ্রাম-পুলিশরা সংগ্রহ করছেন টাকা। এতে দরিদ্র নারীদের সঞ্চয়কৃত টাকা আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র নারীদের খাদ্য সহায়তা নিশ্চিতকরণ ও দারিদ্র্যতা কমিয়ে আনার লক্ষ্যে সরকার সারা দেশে ২২০ টাকা সঞ্চয় জমা নিয়ে ২ বছর মেয়াদি দরিদ্র নারীদের ৩০ কেজি করে চাল দিয়ে আসছে। 
রাজনগর উপজেলায় ১ হাজার ৪৩৫ জন নারী ভিজিডি’র চাল পাচ্ছেন। এসব নারীরা ২০২৫ সালের জুলাই থেকে ২ বছর মেয়াদি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন টেংরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারীরা। 
সরকারি নিয়ম অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট করে নিজেরাই টাকা জমা দিয়ে রিসিট দেখিয়ে চাল নেয়ার কথা। কিন্তু রাজনগরের টেংরা ইউনিয়নে পরিষদের গ্রাম-পুলিশরাই টাকা নগদে গ্রহণ করছেন। এদিকে, একজন নারী ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও ২/৩ কেজি করে ওজনে কম দেয়া হচ্ছে। দীর্ঘদিন থেকে ভিজিডি’র চালে কম দেয়ায় অনেকের মাঝে ক্ষোভ দেখা গেছে।
টেংরা ইউনিয়নের পূর্ব ইলাশপুর গ্রামের রুনা বেগম বলেন, আমাদেরকে এভাবেই সব সময় চাল দেয়া হয়। বিগত ৯ মাস থেকে আমরা চাল পাচ্ছি। সব সময়ই এখানে টাকা জমা দিয়ে চাল নিতে হয়েছে। এ ছাড়াও ওজনে কম দেয়া হচ্ছে। 
এদিকে, গ্রাম-পুলিশ সজল মালাকার বলেন, আমরা এভাবেই দিয়ে আসছি। আমাদেরকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে আমরা সেভাবেই চাল দিচ্ছি। 
এ ব্যাপারে রাজনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস বলেন, ব্যাংকে টাকা জমা দেয়ার নিয়ম। গ্রামের নারীরা অনেক সময় ব্যাংকে যেতে পারে না। সে কারণে অনেক সময় নগদে নিয়ে ব্যাংকে জমা করা হয়। আমি বলেছিলাম বিতরণের সময় আমাকে জানানোর জন্য। তারা আমাকে জানায়নি। আমি তাদেরকে বলেছি, ব্যাংকে টাকা জমা দিয়ে আমাকে রিসিট দেখানোর জন্য। ওজনে চাল কম দেয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

Side banner