জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের সরিয়ে দিয়ে বঞ্চিত কর্মকর্তাদের পদায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন কর্মকর্তা এই সাক্ষাতে অংশ নেন।
সাক্ষাৎকালে তারা বিগত সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ করে সেখানে যোগ্যদের পদায়ন করার দাবি জানান।
তারা আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যেসব ফ্যাসিবাদী কর্মকর্তা অবস্থান করছেন, তাদেরও অপসারণ করে যোগ্যদের পদায়ন করতে হবে। সেইসঙ্গে যোগ্যতার ভিত্তিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি (রিভিউ) দেওয়ার দাবি জানান তারা।
ফ্যাসিবাদীদের মধ্য থেকে কেউ যেন শপথ অনুষ্ঠানে যোগদান করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তারা জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন : :