• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৬, ২০২৬, ০৯:৪২ পিএম হোমনায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষণ

কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এই ঘটনা ঘটে। 
এই ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমানকে (২৪) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা পার হওয়ার সময় আশিকুর রহমান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে।
অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাটিসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে দূরে সরিয়ে রেখে আশিকুর রহমান ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে তারা রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসেন। প্রাথমিক পরীক্ষা শেষে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Side banner