চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চাঁদপুরসহ দেশের মোট ১৪টি জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র সদস্য। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক ক্যারিয়ার রয়েছে। তিনি ইতিপূর্বে জেলা ছাত্রদল ও যুবদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।চড়ষরঃরপং
রাজনীতির পাশাপাশি তিনি চাঁদপুরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তি সৌধ নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন কমিটির দীর্ঘদিনের মহাসচিব ও তিনবারের চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সালে চাঁদপুরের প্রথম পত্রিকা ‘বলাকা’ প্রকাশের মাধ্যমে সাংবাদিকতায়ও তাঁর অবদান রয়েছে। জেলা পরিষদের নতুন এই দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মতামত লিখুন : :