• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

অর্থ পাচারের ফলে অচল আট ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ২৪, ২০২৬, ০৫:৫৩ পিএম অর্থ পাচারের ফলে অচল আট ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশের ব্যাংক খাতে লুটপাট আর অর্থ পাচারের কারণে দেশের ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। সেই অর্থ আদৌ উদ্ধার করা সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার ভাষায়, এটি শুধু একটি ব্যাংকের সমস্যা নয়; লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের আরও কয়েকটি ব্যাংক একই পরিস্থিতির মুখে পড়েছে।
তিনি বলেন, একটা কঠিন সময়ের মধ্যে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও অনেক দুরূহ। এর জন্য সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। এ্যানি চৌধুরী বলেন, সারাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের বেনেফিশিয়ারি গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়। 
মেগা প্রকল্প প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, গত বছরগুলোতে দেশে অনেক বড় প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর প্রকৃত সুবিধাভোগী সাধারণ মানুষ নয়। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, এক হাজার কোটি টাকার প্রকল্পের ব্যয় অনেক ক্ষেত্রে দশ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। তার মতে, এসব প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডি—যেখানেই দুর্নীতি হোক না কেন, সংশ্লিষ্টদের দায় নিতে হবে। মন্ত্রী আরও বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সে সরকারি কর্মকর্তা হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি। এ বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন এবং প্রধানমন্ত্রীও এ ব্যাপারে সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা। 

Side banner