• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
স্কুলের গাছ চুরি

বাঞ্ছারামপুরে সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছে না কেউ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ৩১, ২০২৬, ০২:২৩ পিএম বাঞ্ছারামপুরে সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছে না কেউ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রকাশ্যে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি দৃষ্টিনন্দন কদম গাছ কেটে নিলেও সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলছে না কেউ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির জনৈক শীর্ষ নেতার আস্থাভাজন হওয়ায় প্রশাসনও বিষয়টি এড়িয়ে চলছেন, এমন অভিযোগ স্থানীয়দের। তবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান। 


জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের দক্ষিণ পাশের কদম গাছটি কেটে নিয়ে যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। আর সেই সুযোগে প্রকাশ্যে দৃষ্টিনন্দন কদম গাছটি কেটে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। 
পরে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মতিউর রহমান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানকে বিষয়টি অবগত করেন। তিনি ঘটনার ৩ দিন পর রবিবার (২২ মার্চ) ‘অজ্ঞাতনামা’ বিবাদী উল্লেখ করে বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ জানায়। এরই মধ্যে গাছ চোরদের নিয়ে পুরো এলাকায় কানাঘুষা শুরু হয়। চোরেরা প্রভাবশালী এবং উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় জনৈক নেতার কাছের লোক হওয়ায় কেউ মুখ খুলে কিছুই বলছে না। বরং ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 


এদিকে গাছ চুরি প্রসঙ্গে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরিকুল ইসলাম জানান, স্কুলের গাছ চুরির ঘটনাটি খুবই দুঃখজনক। তবে এটি নিয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গাছ চুরির পুরো বিষয়টি সম্পর্কে এমপি মহোদয়, ইউএনও স্যার এবং ওসি সাহেব জানেন। বিষয়টি তারা দেখছেন। তবে স্কুলের নৈশ প্রহরী মতি ভাল বলতে পারবে।
কদম গাছটি চুরির সাথে কারা জড়িত? এ প্রশ্নটি এড়িয়ে যান স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান।


পরে স্কুলের নৈশ প্রহরী মতিউর রহমানকে ফোন দেয়া হয়। তিনি ফোন রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক বাঞ্ছারামপুর গ্রামের জনৈক ব্যক্তি জানান, এই গাছটি বাঞ্ছারামপুরের সাহেব বাড়ির একজন বিক্রী করে দিয়েছে। তার নাম বললে আমাকে এলাকা ছাড়া করে রাখবে। নাম বলে শুধু শুধু বিপদ ডেকে আনতে চাই না।  

Side banner

সারাবাংলা এর আরও খবর