• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান

স্কুলের সরকারি গাছ চুরির প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মার্চ ২৯, ২০২৬, ০৬:১৪ পিএম স্কুলের সরকারি গাছ চুরির প্রতিবাদে বাঞ্ছারামপুরে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পরিবেশ ধ্বংস, গাছ কাটা এবং সরকারি সম্পদ লুটের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ধ্বংস করা এবং সরকারি সম্পদ লুট করা শুধু নিন্দনীয়ই নয়, এটি একটি দণ্ডনীয় অপরাধ। 
তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বিদ্যালয়ের গাছ কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্টের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বাড়তে পারে। তাই তারা প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা নিম্নোক্ত দাবিসমূহ তুলে ধরেন
১। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২। সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রকাশ করতে হবে।
৩। বিদ্যালয় এলাকায় সকল অবৈধ গাছ কাটা ও দখল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।
৪। ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে।
৫। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
৬। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে স্থায়ী পরিবেশ সুরক্ষা ও মনিটরিং কমিটি গঠন করতে হবে।
৭। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা ও নিয়মিত প্রশাসনিক তদারকি নিশ্চিত করতে হবে।
৮। বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রহরী ও সিসিটিভিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৯। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত তদারকি কার্যক্রম চালু করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্থাপিত দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Side banner

সারাবাংলা এর আরও খবর