দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি দিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খানের দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে। তারা প্রাথমিকের বৃত্তি সহ এসএসসি, এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছিলো।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভাপতিত্বে করেন কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কার্যনির্বাহী সদস্য শাহিন হাসনাত সহ সাংবাদিক নেতা, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা।
প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা খুব শীঘ্রই সাংবাদিকদের জন্য অবসর সুবিধা নিয়ে নানা সুযোগ সুবিধা ঘোষনা করবো। এটি বর্তমানে অর্থমন্ত্রালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সারা দেশের ৬৫ উর্ধো সব সাংবাদিক এর আওতায় আসবে। এছাড়াও গণমাধ্যমের জন্য কেন্দ্রীয় ডাটা সেন্টার চালু করা হবে। এতে ভুল তথ্য থেকে পাঠক রক্ষা পাবে।
মেধাবৃত্তি অনুষ্ঠানে সারাদেশে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত সাংবাদিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সারাদেশের ৪০২ জন শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বৃত্তির চেক তুলে দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, বাঞ্ছারামপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খানের দুই কন্যা যথাক্রমে ইলোরা নুর অর্থি ও জান্নাতে নুর প্রিয়ন্তি যোগ্যতার ভিত্তিতে মেধাবৃত্তি পেয়েছে। অর্থি বিশ্ববিদ্যালয় / মেডিকেলে ভর্তির জন্য অপেক্ষমান ও ছোটবোন প্রিয়ন্তি বর্তমানে নরসিংদির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ২য় বর্ষে অধ্যয়নরত।
আপনার মতামত লিখুন : :