• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

ডোবায় ভাসছে সরকারি ওষুধের স্তূপ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১, ২০২৬, ০৬:০৯ পিএম ডোবায় ভাসছে সরকারি ওষুধের স্তূপ

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল থেকে ডোবার পানিতে ট্যাবলেট, ক্যাপসুল ও সিরাপসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইসলামপুর উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের পাশে ডোবার পানিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরকারি স্বাস্থ্যসেবার জন্য আসা এসব মূল্যবান ওষুধ কেন মানুষের কাজে না লাগিয়ে এভাবে ফেলে দেওয়া হলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শুক্রবার সকাল থেকেই ডোবায় ভাসমান এসব ওষুধের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা সরকারি সম্পদের এমন অপচয় ও দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানাচ্ছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওষুধগুলো কীভাবে এবং কেন ডোবায় গেল, এর পেছনে কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কি না, কিংবা কারো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি বরাদ্দের ওষুধ এভাবে নষ্ট হওয়াকে স্থানীয়রা বড় ধরনের অবহেলা হিসেবে দেখছেন এবং দ্রুত বিচার দাবি করছেন।

Side banner 1 Side banner 2