• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩
Bancharampur Barta
Bongosoft Ltd.

মাদরাসা থেকে পালাতে গিয়ে ভেন্টিলেটরের রেলিংয়ে আটক


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ৭, ২০২৬, ১২:৩০ পিএম মাদরাসা থেকে পালাতে গিয়ে ভেন্টিলেটরের রেলিংয়ে আটক

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি মাদরাসার তিনতলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে জানালার রেলিংয়ে আটকে যায় এক শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করেন।
বুধবার (৬ মে) দুপুরে মতলব পৌর এলাকার মারকাযুত আল ইসলামিয়া মাদরাসা ভবনে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম মো. ওমর ফারুক। তিনি উপজেলার চাপাতিয়া গ্রামের মজিবুর রহমান প্রধানের ছেলে এবং মাদরাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওমর ফারুক মাদরাসার তিনতলার ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তিনি রেলিংয়ের ফাঁকে আটকে পড়েন। পরে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে।
মাদরাসার পরিচালক হাবিবুর রহমান বলেন, অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লেও ওমর ফারুক ঘুমায়নি। একপর্যায়ে সে ভেন্টিলেটর দিয়ে বের হওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মতলব দক্ষিণ স্টেশন অফিসার মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে বলে জানা গেছে।

Side banner 1 Side banner 2