• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার এপ্রিল ৯, ২০২৬, ০২:২৯ পিএম এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাফিয়া রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে বগুড়া জেলা এনসিপি। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন। বর্তমানে তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।
এনসিপির শোক বার্তায় বলা হয়, বুধবার রাত ৩টার দিকে ইন্তেকাল করেছেন রাফিয়া সুলতানা রাফি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, এনসিপির জেলায় আহ্বায়ক এমএসএ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ। তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি রাত ১০টার সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তরের পর রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী ও দুই মেয়ে রয়েছে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।
জানা গেছে, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।
বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় রাফিয়া সুলতানার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে বলে জানিয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ছিলেন রাফিয়া সুলতানা।

Side banner