ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র কোড: বাঞ্ছা-৫) বাংলা ১ম পত্র পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও এক পরীক্ষার্থীকে ২০২৬ সালের নতুন সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আক্তার (রোল: ৩৭৭৩৮৭, রেজি: ২২১১১২৯১৪), তিনি বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী। তিনি বাঞ্ছারামপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে।
সুমাইয়া জানান, তিনি কক্ষ পর্যবেক্ষককে একাধিকবার জানান যে তিনি পুরাতন সিলেবাস (২০২৫) অনুযায়ী পরীক্ষা দেওয়ার যোগ্য। কিন্তু তার বক্তব্য উপেক্ষা করে তাকে নতুন (২০২৬) সিলেবাসের প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য করা হয়।
বিষয়টি জেনে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান দ্রুত কেন্দ্র পরিচালকদের সাথে যোগাযোগ করেন। এতেও কাজ হয়নি। কেন্দ্র প্রধান উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি। ফলে একপ্রকার বাধ্য হয়েই নতুন সিলেবাসের প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা দেন সুমাইয়া।
পরে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল মিয়ার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন সুমাইয়া।
এদিকে সুমাইয়ার বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। তারা বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, ট্যাগ অফিসার ও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধরসহ অভিযুক্তদের অপসারণ দাবি করছে।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত শিক্ষার্থীরা সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাসে পরীক্ষা দেওয়ার কথা। অন্যদিকে, ২০২৩-২৪ বা তার পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে।
আপনার মতামত লিখুন : :