ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে একটি কলাবাগানের ফলন উপযোগী প্রায় শতাধিক কলাগাছ কেটে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ বর্বরোচিত ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দরিদ্র কৃষক পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে এবং পরিবারটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী কৃষক আক্তার মিয়া (পিতা: মান্নান মিয়া) জানান, দেড় লাখ টাকায় দুই কানি (৬৬ শতাংশ) জমি পত্তন নিয়ে তিনি সাগর কলা ও চাম্পা কলার বাগান গড়ে তোলেন। ধারদেনা করে গত এক বছরে বাগানের পরিচর্যা বাবদ ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় করেন তিনি। গাছগুলো যখন ফলন দেওয়ার উপযুক্ত হয়েছিল, ঠিক তখনই রাতের আঁধারে ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে সাবাড় করে দেওয়া হয়। এতে তার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন : :