• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.
ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

রমজানে অসহায়দের পাশে ‘ভিলেজ ফাউন্ডেশন’


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৪৬ পিএম রমজানে অসহায়দের পাশে ‘ভিলেজ ফাউন্ডেশন’

স্বেচ্ছাসেবী যুব সংগঠন ভিলেজ ফাউন্ডেশন পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। প্রতিবছরের ধারাবাহিকতায় চলতি বছরও সংগঠনটি মানবিক এই কর্মসূচি বাস্তবায়ন করে।
কর্মসূচির আওতায় নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা সম্মানের সঙ্গে রমজানের ইবাদত পালন করতে পারেন। সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে অনেক পরিবারের হাতে সহায়তা পৌঁছে দেন।
২০২১ সালে প্রতিষ্ঠিত ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে সংগঠনটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।
পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংগঠনটি জাতীয় পর্যায়ে ‘পরিবেশপ্রেমী পুরস্কার ২০২৩’ অর্জন করে, যা তাদের জন্য গর্বের বিষয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। একটি মানবিক, সচেতন ও সবুজ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ভিলেজ ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ রক্ষায় তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Side banner