• ঢাকা
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে তিতাস থেকে যুবকের মরদেহ উদ্ধার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:১৩ পিএম বাঞ্ছারামপুরে তিতাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তিতাস নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার থানা ঘাট সংলগ্ন তিতাস নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক মোহাম্মদ আলী (২৮)। তিনি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের নজরুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে তিতাস নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রলারযোগে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে পরনের কাপড়চোপড় দেখে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, মোহাম্মদ আলী গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
নিহতের পিতা নজরুল মিয়া বলেন, আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিলাম না। আজ নদীতে লাশ ভাসছে শুনে এসে দেখি, সেটি আমার ছেলে। তার কোনো শত্রু ছিল না।
নিহতের মা আলেখা জানান, কয়েকদিন ধরে কুমিল্লায় নিয়ে তার চিকিৎসা করাচ্ছিলাম। সে মানসিকভাবে অসুস্থ ছিল। কীভাবে নদীতে গেল, আমরা জানি না। মানুষের কাছ থেকে খবর পেয়ে এবং ফেসবুকে ছবি দেখে এসে ছেলের মরদেহ শনাক্ত করি।
নিহতের চাচাও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে মরদেহ শনাক্ত করার কথা জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন মিয়া বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা এসে এটি শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Side banner