• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

স্কুলের বারান্দায় ছবি টানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:২৯ পিএম স্কুলের বারান্দায় ছবি টানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি সদরের কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। তবুও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থেমে থাকেননি শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের প্রতিকৃতি টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘবছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এখনো নির্মিত হয়নি একটি স্থায়ী শহীদ মিনার। ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীদের নিয়ে যথাযথভাবে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি এলে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের একটি বড় ছবি টানিয়ে তার সামনে টেবিল সাজিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়।
কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা গেলে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হতো।
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে একটি শহীদ মিনার নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Side banner