কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ২৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন এই চুক্তিতে। পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ প্রথমবার চুক্তির আওতায় এসেছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুস্তাফিজুর রহমান রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে, যা নিয়ে বেশ আলোচনা ওঠে।
২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি। এবার সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। সেখানে মুস্তাফিজের মতো তারকা ‘এ’ ক্যাটাগরিতে কেন নেই সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ নিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
তবে বিসিবি সূত্রে বিষয়টি নিয়ে ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছে। বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছিল মুস্তাফিজ। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সেই ফর্ম অব্যাহত ছিল। তবে পুরো বছরে ওয়ানডে ক্রিকেটে তার পরিসংখ্যানটা দেখলে বোঝা যাবে যে সেখানে কিছুটা দুর্বলতা ছিল।’ ২০২৫ সালে ওয়ানডেতে ৮ ইনিংসে ৫.১৫ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেন ফিজ।
বিসিবর ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি বলেন একটা জিনিস বিবেচনা করা হয়েছে– যখন কেন্দ্রীয় চুক্তি করা হয় তখন নম্বর ওয়ান প্রায়োরিটি দেওয়া হয় টেস্ট ক্রিকেটকে। আপনি খেয়াল করলে দেখবেন তাসকিন ছাড়া ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটাররা সবাই টেস্ট খেলে। আর মুস্তাফিজও টেস্ট খেলে না।’ ২০২৫ সালে মুস্তাফিজ ২০টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ৬.০৯ ইকোনমিতে তার শিকার ২৬ উইকেট।
বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন (বেতন ৮ লাখ)– নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন (বেতন ৬ লাখ)– মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান।
‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন (বেতন ৪ লাখ)– সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন (বেতন ২ লাখ)– পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন।
আপনার মতামত লিখুন : :