কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ নিয়ে শোরগোল পড়ে গেছে বিনোদন জগতে। সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেতা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তা নিয়ে বইছে আলোচনার ঝড়। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, এই সিনেমার জন্য ১৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকিয়েছেন কেজিএফ খ্যাত এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সিনেমাটির জন্য যশের পারিশ্রমিক ধরা হয়েছিল ৫০ কোটি রুপি। তবে ‘মেনসএক্সপি’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমায় ‘রায়া’ চরিত্রে অভিনয়ের জন্য যশ নিচ্ছেন ১৫০ কোটি রুপি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি যশ এই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন। তবে পারিশ্রমিকের এই অংক নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘টক্সিক’ সিনেমাটি মূলত শক্তিশালী মাদক কার্টেলগুলোর মধ্যকার নৃশংস লড়াইকে কেন্দ্র করে নির্মিত। ভারতের গোয়ার একটি উপকূলীয় অঞ্চলের প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর কাহিনী।
সম্প্রতি সিনেমাটির দ্বিতীয় টিজার মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। সার্কাস থেকে শুরু করে পূর্ব এশীয় আবহে ঘেরা এক অন্ধকার ও সহিংস জগত ফুটিয়ে তুলেছেন পরিচালক গীতু মোহনদাস। যেখানে যশকে দেখা গেছে তার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী লুকে। যদিও কিছু দৃশ্যের কারণে সিনেমাটি নিয়ে ফের বিতর্কও তৈরি হয়েছে।
জানা গেছে, কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি আরও বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করছেন কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন : :