মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গত শনিবার রাতে লস অ্যাঞ্জেলস এফসির মাঠে নেমে হেরেছে ৩-০ গোলে। পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শট রাখতে পারেননি লিওনেল মেসি। নিষ্প্রভ আর্জেন্টাইন তারকা স্বাভাবিকভাবে হতাশ ছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, কারো অনুমতি ছাড়া ম্যাচ শেষে রেফারিদের রুমে ঢুকেছিলেন আর্জেন্টাইন তারকা।
এই অভিযোগের ভিত্তিতে বিস্তর পর্যালোচনা করেছে লিগ কর্তৃপক্ষ। ভিডিও বিশ্লেষণের পর তারা রায় দিয়েছে, মেসি লিগের কোনো নীতি লংঘন করেননি। তাই কোনো শাস্তি পাচ্ছেন না এলএমটেন। এমনকি এমএলএসের ডিসিপ্লিনারি কমিটিতেও নেওয়া হবে না এই বিষয়টি।
ম্যাচের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মায়ামি অধিনায়ক রেফারিদের প্রাঙ্গনে প্রবেশ করছেন। অনেকে অভিযোগ করেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ অফিসিয়ালদের রুমে প্রবেশ করেছেন কারো অনুমতি ছাড়াই। কিন্তু এমএলএস রায় দিয়েছে, মেসি যে পাশ দিয়ে যাচ্ছিলেন, সেটা লিগের কোনো সীমাবদ্ধ এলাকা নয়। আর মেসি যে দরজা দিয়ে ঢুকেছিলেন, সেটা রেফারিদের লকার রুমের নয়।
পেশাদার রেফারি সংস্থার কমিউনিকেশন পরিচালক ক্রিস রিভেট ইএসপিএন-কে নিশ্চিত করেছে, মেসি অফিসিয়ালদের রুমে প্রবেশ করেননি। তার কথা, ‘ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলার পর আমরা নিশ্চিত করছি তিনি তাদের রুমে প্রবেশ করেননি।’
ম্যাচের রেফারির ওপর মেসি বিরক্ত ছিলেন কি না প্রশ্নে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো জানান, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিষণ্ন থাকতে দেখেননি তিনি। তার বক্তব্য, ‘না, না। আমি কিছুই দেখিনি। সত্যি হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পর আমি লকার রুমে চলে গেছি।’
আপনার মতামত লিখুন : :