অনেক শঙ্কা দূরে ঠেলে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার। তবে আবারও চোটে পড়েছেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে এই তারকার মাঠে নামা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবুও নেইমারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশার শেষ নেই। দুই যুগ ধরে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। নেইমারের হাত ধরে ষষ্ঠ শিরোপা ঘরে তুলবে সেলেসাওরা। সেইসঙ্গে ইতিহাসে নিজের নাম খোদাই করবেন এমন প্রত্যাশা ভক্তদের।

তবে নেইমার মনে করেন, ফুটবল ইতিহাসে তার স্থায়ী জায়গা এরই মধ্যে তৈরি হয়ে আছে। ব্রাজিলের ফুটবলের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
রেডবুল আল্টিমেট সকার চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি ফুটবলে আমার লিগাসি তৈরি হয়ে গেছে। ফুটবলের কথা উঠলে যে কেউই কোনো না কোনোভাবে আমাকে মনে রাখবে। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আমি ইতিহাস গড়তে পেরেছি, ফুটবলের ইতিহাসে নিজের নাম খোদাই করে রেখে যেতে পেরেছি। একদিন আমি আমার সন্তানদের, নাতি-নাতনিদের বলতে পারবো, দেশের জন্য আমি কত গুরুত্বপূর্ণ কাজ করেছি।’
ঠিক কীসের জন্য স্মরণীয় হয়ে থাকতে চান, এমন প্রশ্নে নেইমার বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে মাঠের ভেতরে সব সময় নিজের আসল রূপেই চনমনে থেকেছি। সান্তোস, বার্সেলোনা, পিএসজি বা আল হিলালেই শুধু নয়, প্রতিবার যখনই মাঠে নেমেছি, আমি আমার শতভাগ উজাড় করে দিয়েছি, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের জন্য।’
আপনার মতামত লিখুন : :